পারিশ্রমিক চাইতেই ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতাকে মারধর ও প্রাণনাশের হুমকি

ছবিঃ সংগৃহীত
হিন্দি সিনেমা 'লাপাতা লেডিজ'-এর পার্শ্বচরিত্রের অভিনেতা সতেন্দ্র সোনির সঙ্গে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মধ্যপ্রদেশের মাইহারে 'পেড় পালখি' নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিকে চুক্তি করেছিলেন সতেন্দ্র। চুক্তি অনুযায়ী টানা ৮ দিন শুটিং করার পর নিজের বকেয়া টাকা চাইতেই পরিচালক পুষ্পেন্দ্র সিং ও তার সহযোগীরা অভিনেতাকে বেধরক মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তাকে উদ্ধার করতে আসা এক ব্যক্তিকেও মারধর করা হয়।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় সতেন্দ্রকে কাঁদতে কাঁদতে নিজের ওপর হওয়া অন্যায়ের বিবরণ দিতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়। সতেন্দ্র জানান, মাইহার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিনি বর্তমানে নিরাপদে মুম্বাইয়ে ফিরতে পেরেছেন। জানা গেছে, আর্থিকভাবে অসচ্ছল সতেন্দ্রর বাবা গুরুতর অসুস্থ এবং তাঁর চিকিৎসার জন্যই এই টাকার খুব প্রয়োজন ছিল।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত অবিলম্বে পরিচালক পুষ্পেন্দ্র সিং ও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের শুটিং নিষিদ্ধ করা এবং সতেন্দ্রর বকেয়া পারিশ্রমিক দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







