মার্কিন রিয়েলিটি তারকা ও উদ্যোক্তা কাইলি জেনারের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক ব্যক্তিগত রাঁধুনি। অভিযোগ, গর্ভাবস্থার সময় অতিরিক্ত কাজের চাপ, প্রয়োজনীয় সহায়তার অভাব এবং কর্মস্থলের বৈষম্যমূলক আচরণের কারণে তিনি গর্ভপাতের শিকার হন।

এর আগে কাইলি জেনারের দুই সাবেক গৃহপরিচারিকাও কর্মস্থলে বৈরী পরিবেশের অভিযোগ এনে মামলা করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো তার সাবেক রাঁধুনির অভিযোগ।

বিনোদনবিষয়ক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলির হাতে থাকা আদালতের নথি অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই রাঁধুনি ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাইলি জেনারের জন্য কাজ করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন—গর্ভাবস্থার কারণে তাঁর প্রতি বৈষম্য করা হয়েছে, প্রয়োজনীয় কর্মস্থল-সুবিধা দেওয়া হয়নি, মানসিক হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের শিকার হয়েছেন, যথাসময়ে ও যথাযথ হারে পারিশ্রমিক দেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

মামলায় কাইলি জেনারের পাশাপাশি তার প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা সংস্থা এবং কয়েকজন তত্ত্বাবধায়কের নামও উল্লেখ করা হয়েছে।

প্রাইমটিভি/বিএম