ভারতের অরুণাচলে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের দাবী ভিত্তিহীন

ছবিঃ ভারতের অরুণাচল (সংগৃহীত)
ভারতের অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর (পিএলএ) অনুপ্রবেশ ও ক্যাম্প স্থাপনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি নাহ (Nah) আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আপার সুবানসিরি জেলার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন এলাকায় চীনা বাহিনীর দখলের অভিযোগ ওঠার পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেশটির সেনাবাহিনী।
সোমবার ( ২৯ জুন) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, অরুণাচল প্রদেশে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাম্প্রতিক অনুপ্রবেশ ও ক্যাম্প স্থাপনের অভিযোগসংবলিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন তাদের নজরে এসেছে। তবে এসব প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
এর কয়েকদিন আগে নাহ ওয়েলফেয়ার সোসাইটি (এনডব্লিউএস) আপার সুবানসিরি জেলার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করে, গত ছয় বছরে পিএলএ তাদের ঐতিহ্যগত চারণভূমি, শিকার এলাকা ও কৃষিজমির বড় অংশ দখল করেছে।
সংগঠনটির সভাপতি কেরু চাডার দাবি করেন, যেসব এলাকায় নাহ সম্প্রদায়ের মানুষ আগে অবাধে শিকার করতেন, বনজ সম্পদ সংগ্রহ করতেন এবং গবাদিপশু চরাতেন, সেসব এলাকা এখন চীনা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এনডব্লিউএসের দাবি, গত ১০ থেকে ১৫ বছরে সীমান্ত এলাকায় চীনা তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের অভিযোগ, ২০২০ সাল পর্যন্ত নাহ সম্প্রদায়ের নিয়ন্ত্রণে থাকা ওইয়িং, পানিয়ার, মারপান, পোত্রাং ও টিন্ডিংটাং এলাকা ধীরে ধীরে চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। এসব স্থানের কয়েকটি নাহ সম্প্রদায়ের কাছে তীর্থস্থান হিসেবেও পরিচিত।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর সাম্প্রতিক অনুপ্রবেশ বা নতুন ক্যাম্প স্থাপনের দাবির পক্ষে কোনো ভিত্তি নেই।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







