চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিখোঁজ

ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুলছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ ঘটনাগুলো ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযান চলছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের নাম মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এর কিছুক্ষণ পর পৃথক আরেকটি ঘটনায় মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরার সময় সাকিরুল ইসলাম পানিতে তলিয়ে যান। জাল ফেলতে গিয়ে অসাবধানতাবশত তিনি নদীতে ডুবে নিখোঁজ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী এবং মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





