ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা একটি বাড়ির প্রবেশপথে অতর্কিত গুলি চালালে আইআরজিসির দুই সদস্য নিহত হন এবং আরও দুজন আহত হন।

বিবৃতিতে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নিহত দুই সদস্যের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইআরজিসি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রাইমটিভি/এমআর