সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারণে ব্রাজিল বনাম জাপানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে না পেরে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় অফিসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

সোমবার (২৯ জুন) রাতে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ অফিস স্থানীয় সূত্রে জানা যায়, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ওই এলাকায় লোডশেডিং চলছিল। বহুল প্রতীক্ষিত ব্রাজিল-জাপান ম্যাচ শুরুর প্রায় ৩০ মিনিট পরও বিদ্যুৎ না ফেরায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় দর্শকরা। একপর্যায়ে ৭০ থেকে ৮০ জনের একটি দল সাব-স্টেশনের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য বাবলু রায় বলেন, ব্রাজিলের খেলা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় কেউ খেলা দেখতে পারছিলেন না। পরে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনার খবর পেয়ে তারা সেখানে যান। তবে তখন অফিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে সেখানে পাওয়া যায়নি।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গিয়াস উদ্দিন বলেন, খেলার সময় লোডশেডিং থাকায় ক্ষুব্ধ লোকজন অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইটপাটকেলের আঘাতে অফিসের দু-একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পরপরই তিনি ওসি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা বিদ্যুৎ অফিসের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, ফুটবলকে ঘিরে দেশের মানুষের ব্যাপক আবেগ রয়েছে, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। ব্রাজিলের সমর্থকদের খেলা দেখতে না পারার হতাশা থেকেই মূলত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 প্রাইমটিভি/এমআর