২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। (ছবিঃ সংগৃহীত)
দীর্ঘ ২৫ বছর পর আবারও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। হারারে টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ৮৫ রানের পরাজয় বরণ করেছে টাইগাররা।
মঙ্গলবার (৩০ জুন) হারারেতে শেষ হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪০ রানে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৪১০ রান তুলে ২৭০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৮৫ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ৮৫ রানের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ৭৭ রানের জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই জুটি ভাঙতেই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। শেষ আট উইকেট হারায় মাত্র ২৭ রানে।
রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরির গতি ও বাউন্সের সামনে অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে অধিকাংশ ব্যাটারই উইকেটকিপারের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন।
বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ৮৯ রান যোগ করে জিম্বাবুয়ে। এরপর ইনোসেন্ট কাইয়া ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেট ৫৯ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম সাতটি উইকেট নিলেও জিম্বাবুয়েকে বড় সংগ্রহ থেকে আটকানো যায়নি।
২৭০ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ইনিংস হার এড়ানোর লড়াইয়ে কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। মুশফিকুর রহিম সর্বোচ্চ ৩৪ রান করেন, আর মুমিনুল হকের সঙ্গে তার ৬১ রানের জুটিই ছিল ইনিংসের সেরা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ১০ ব্যাটারের সবাই ক্যাচ দিয়ে আউট হন।
এই পরাজয়ের মাধ্যমে ২০০১ সালের বুলাওয়ে টেস্টের পর আবারও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। দুই দলের মধ্যকার ২১টি টেস্টের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস-পরাজয়।
সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতে জয় পাওয়া বাংলাদেশের জন্য এই হার বড় ধাক্কা। টাইগারদের পরবর্তী টেস্ট আগামী আগস্টে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (প্রথম ইনিংস): ১৪০ (মুমিনুল হক ৬০, সাদমান ইসলাম ২০; নিয়ামহুরি ৪/৬১, এনগারাভা ৪/৬১)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ৪১০ (ইনোসেন্ট কাইয়া ১৪০, ক্রেইগ আরভিন ৬০, ব্রায়ান বেনেট ৫৯; তাইজুল ইসলাম ৭/১৩৮, খালেদ আহমেদ ২/৬৮)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ১৮৫ (মুশফিকুর রহিম ৩৪, নাজমুল হোসেন শান্ত ৩০; মুজারাবানি ৪/৬৫, এনগারাভা ৩/৩২)
ফল: জিম্বাবুয়ে ইনিংস ও ৮৫ রানে জয়ী।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








