আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত এনায়েত আলী ফকির (৪০) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সমর্থক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন এনায়েত আলী। পথে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনায়েত আলীকে উদ্ধার করেন। প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। পাশাপাশি রায়হান রনি (৪০) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





