ইন্দোনেশিয়ায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের এক মিছিলে ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পতাকা বহনকারী দুই মোটরসাইকেল আরোহীকে মারধর করেন বিক্ষুব্ধ সমর্থকরা।

সোমবার (২৯ জুন) দেশটির আম্বন শহরে এ ঘটনা ঘটে। ওই রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সমর্থকেরা শহরে একটি বড় মিছিল বের করেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দুই মোটরসাইকেল আরোহীর হাতে ইসরায়েলের পতাকা দেখে মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে তারা কেন ওই পতাকা বহন করছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ইন্দোনেশিয়ার পুলিশও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে থাকা এক ব্যক্তি প্রথমে দুই আরোহীকে থামিয়ে তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি কেড়ে নেন। পরে পতাকার দণ্ড ভেঙে ফেলার পর সেখানে উপস্থিত আরও কয়েকজন তাদের মারধর করেন।

বিশ্বের বৃহত্তম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। দেশটির সাধারণ জনগণের একটি বড় অংশ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে থাকে এবং ইসরায়েলের নীতির বিরোধিতা করে।

প্রাইমটিভি/এমএইচ