মহাকাশ থেকে হামলায় সক্ষম অস্ত্র বানাচ্ছে ইসরায়েল: কাটজ

শক্তিশালি অস্ত্র বানাচ্ছে ইসরায়েল । প্রাইম টিভি
ইসরায়েল মহাকাশভিত্তিক লেজার অস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশ হওয়াই ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য।
সোমবার (২৯ জুন) সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটজ বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সেরা মেধাবীদের নিয়ে কাজ করা হচ্ছে। তার দাবি, বর্তমানে কোনো দেশেরই মহাকাশ থেকে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা নেই এবং সেই সক্ষমতা অর্জনে ইসরায়েল নেতৃত্ব দিতে চায়।
তিনি আরও বলেন, এই প্রযুক্তি অর্জন করা গেলে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আঘাত হানা এবং কৌশলগত অগ্রাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে গত বৃহস্পতিবারও কাটজ মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি প্রকাশ্যে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তির বিষয়টি উল্লেখ করেন।
ইসরায়েল ইতোমধ্যে স্থলভিত্তিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন বিম’ তৈরি করেছে। এছাড়া ভবিষ্যতে যুদ্ধবিমান থেকে লেজার অস্ত্র ব্যবহারের সক্ষমতা তৈরির দিকেও দেশটি কাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, লেজার প্রযুক্তি ভবিষ্যতে শত্রুপক্ষের স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও কাটজ দাবি করেছেন, অন্য কোনো দেশের এমন সক্ষমতা নেই, তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইতোমধ্যেই স্যাটেলাইটবিধ্বংসী প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে।
বর্তমানে মহাকাশে সামরিক প্রতিযোগিতা বাড়তে থাকায় স্যাটেলাইট ধ্বংস, জ্যামিং, অচল করে দেওয়া এবং লেজার প্রযুক্তি ব্যবহারের মতো সক্ষমতা উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








