কলম্বিয়ায় স্যুটকেসে মিললো জনপ্রিয় মডেলের লাশ

ছবিঃ সংগৃহীত
কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাতালিয়া ভিয়ালবার স্যুটকেসবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ম্যাথিউ অ্যাশলে ফস্টার স্মিথ নামে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ফ্ল্যাটটি পরিষ্কার করতে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী বাথরুমে রাখা একটি ট্রাভেল স্যুটকেসের ভেতর নাতালিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। তদন্তে ম্যাথিউকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
অভিযোগ রয়েছে, নাতালিয়াকে হত্যার পর অভিযুক্ত ম্যাথিউ ভুয়া পরিচয় ও জাল পাসপোর্ট ব্যবহার করে কলম্বিয়া থেকে ইকুয়েডরে পালিয়ে যান। পরবর্তীতে কলম্বিয়া, ইকুয়েডর এবং যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, নাতালিয়া ফ্ল্যাটে একা থাকার সুযোগে ম্যাথিউ সেখানে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করেন। প্রমাণ গোপন করতে লাশ স্যুটকেসে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়। সিসিটিভি ফুটেজে ম্যাথিউকে বিছানার চাদরসহ কিছু আলামত সরিয়ে নিতে দেখা গেছে। বর্তমানে তাকে কলম্বিয়ায় প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







