পশ্চিম আফ্রিকায় টানা কয়েক দিনের রেকর্ড ভাঙা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ঘানার রাজধানী আক্রায় মঙ্গলবার পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে আক্রার বহু বাড়িঘর, প্রধান সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে। ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। ঘানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুনতাকা মোবারক স্বীকার করেছেন যে দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও ভালো হতে পারত। দেশটির প্রেসিডেন্ট জন মাহামা জানান, আক্রায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ একদিনের বৃষ্টির তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

অন্যদিকে, প্রতিবেশী দেশ আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টি ও বন্যায় প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই চরম আবহাওয়ার মধ্যেই ঘানার আবহাওয়া অধিদপ্তর চলতি সপ্তাহে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাজধানীর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

প্রাইমটিভি/বিএম