অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা আর নেই

ছবিঃ সংগৃহীত
ভারতের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক বিজয়া মেহতা আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভোগার পর গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ৯১ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়াণে পুরো ভারতের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩৪ সালের ১ জানুয়ারি গুজরাটের বরোদায় জন্মগ্রহণ করা বিজয়া মেহতার আসল নাম ছিল বিজয়া জয়বন্ত। ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য নাম। ষাটের দশকে মুম্বাইয়ে বিখ্যাত নাট্যদল ‘রঙ্গায়ন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। প্রখ্যাত নাট্যকার বিজয় তেন্ডুলকর, অভিনেতা অরবিন্দ দেশপাণ্ডে এবং শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে হাত মিলিয়ে তিনি যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন, তা মারাঠি নাটকের গতিপথ চিরতরে বদলে দেয়। তার পরিচালনায় নাটক কেবল বিনোদন নয়, বরং সমাজ ও রাজনীতির প্রতিবাদের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল।
মঞ্চের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি ছিলেন অনন্য। তার পরিচালিত ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) সিনেমা দুটি আন্তর্জাতিকভাবে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এছাড়া ১৯৮৪ সালের ‘পার্টি’ সিনেমায় তার অভিনয় আজও স্মরণীয়।
শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করে। এছাড়া ১৯৮৭ সালে ‘রাও সাহেব’ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দীর্ঘ সময় সংগীত নাটক একাডেমির দায়িত্ব পালন করা এই গুণী শিল্পীর আত্মজীবনী ‘ঝিলতা ঝিলত বাতা’-ও পাঠকদের মাঝে বেশ প্রশংসিত।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





