বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সৈয়দ সাইফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর কাছে নিজ এলাকার সোলার ল্যাম্পপোস্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান।

ভিডিওতে সাইফুল ইসলাম বলেন, খেজুর বিতরণের হিসাব যেভাবে প্রকাশ করা হয়েছে, একইভাবে দেবিদ্বার উপজেলার সোলার ল্যাম্পপোস্ট বিতরণ ও অন্যান্য উন্নয়নকাজেরও স্বচ্ছ হিসাব জনগণের সামনে তুলে ধরা উচিত।

তার অভিযোগ, সোলার ল্যাম্পপোস্টগুলো নির্ধারিত স্থানে বসানো হয়নি। কিছু ল্যাম্পপোস্ট প্রভাবশালী ব্যক্তিদের বাড়ির সামনে, ব্যক্তিগত কবরস্থান কিংবা অন্যত্র স্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। আবার কিছু এলাকায় প্রয়োজনের তুলনায় একাধিক ল্যাম্পপোস্ট দেওয়া হলেও অন্য অনেক এলাকা সম্পূর্ণ বঞ্চিত রয়েছে বলেও অভিযোগ তোলেন।

সাইফুল ইসলাম বলেন, এসব অভিযোগের সমর্থনে তিনি ভিডিওর মন্তব্যে বিভিন্ন তথ্য-প্রমাণ যুক্ত করবেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এবং উপজেলা প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যদি ল্যাম্পপোস্ট বিতরণের দায়িত্ব উপজেলা প্রশাসনের হয়ে থাকে, তাহলে খেজুর বিতরণের হিসাবও একইভাবে প্রশাসনের দায়িত্ব ছিল। সে ক্ষেত্রে একটি বিষয়ে জবাব দিয়ে অন্য বিষয়ে নীরব থাকা গ্রহণযোগ্য নয়।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, শুধু ল্যাম্পপোস্ট নয়, রাস্তা নির্মাণ, মেরামত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, সেটিও জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

উল্লেখ্য, সাইফুল ইসলামের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাইমটিভি/এমএইচ