সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন আটকে থাকার পর নিখোঁজ সেই ৩ যুবক

সীমান্তে আটকে পরা ৩ যুবক নিখোঁজ (ছবি: সংগৃহীত)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তের শূন্যরেখায় টানা ১৭ দিন ধরে অবস্থান করা তিন যুবকের আর খোঁজ মিলছে না।
বুধবার (১ জুলাই) ভোরের পর থেকে তারা সেখানে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিন যুবক বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন। তবে তারা আর শূন্যরেখায় অবস্থান করছেন না বলে নিশ্চিত করেছে বিজিবি।
জানা গেছে, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়।
পরবর্তীতে পরিচয় যাচাইয়ের পর দুই শিশুসহ ছয়জনকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে নাগরিকত্ব ও পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবককে শূন্যরেখাতেই থাকতে হয়। টানা ১৭ দিন ধরে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছিলেন তারা।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বুধবার ভোর থেকে ওই তিন যুবককে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি জানতে বিজিবি নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে নতুন করে কোনো পুশইনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





