প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
প্রেমিকার সঙ্গে সম্পর্কের জেরে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক যুবক। তবে প্রায় তিন বছর পর পরিবারের কথা বিবেচনা করে আবারও হিন্দু ধর্মে ফিরে গেছেন তিনি। এ ঘটনায় ধর্মান্তর বিরোধী আইনে ওই যুবকের প্রেমিকা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শামলি জেলার বাসিন্দা আয়ুষ মালিক ২০১৮ সালে পায়ে আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। সেখানে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে চাঁদনির পরিবার আয়ুষের ওপর ধর্ম পরিবর্তনের চাপ সৃষ্টি করে। পরে ২০২৩ সালে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়। ধর্মান্তরের পর তার নাম পরিবর্তন করে মোহাম্মদ আলি রাখা হয়। এরপর তিনি ইসলামী রীতিনীতি অনুসরণ করে জীবনযাপন শুরু করেন।
তবে সম্প্রতি আয়ুষ ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্মে ফিরে যান। তার দাবি, পরিবারের কষ্ট ও মানসিক যন্ত্রণার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। কিন্তু পরিবারের কষ্ট দেখে আবার হিন্দু ধর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পরিবারের সঙ্গেই থাকতে চাই।"
আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, তার ছেলেকে ধর্মান্তরিত করে পরিবারের বিপুল সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের ধর্মান্তর বিরোধী আইনে চাঁদনি কুরেশি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি। অভিযোগগুলোর সত্যতা আদালতে বিচারাধীন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









