জুলাই মাসজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ, বজ্রঝড় এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুন মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনার পর এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে সারাদেশে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

এদিকে জুন মাসের আবহাওয়ার পর্যালোচনায় অধিদপ্তর জানিয়েছে, গত মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে কম।

জুন মাসে দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়। একই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়।

পরিবর্তনশীল আবহাওয়ার এ সময়ে ভারী বৃষ্টি, বজ্রঝড় এবং নদ-নদীর পানি বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রাইমটিভি/এমএইচ