চলতি বাজেটেই শুরু হচ্ছে তিস্তা মেগা প্রকল্পের কাজ: এমপি বাবুল

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, বিদেশি কোনো দেশের সহযোগিতা না মিললেও চলতি বাজেটের মধ্যেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করবে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল তিস্তা মেগা প্রকল্প। সফর শেষে সংসদে প্রধানমন্ত্রী দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষজ্ঞ দল ইতোমধ্যে তিস্তাপাড় এলাকা পরিদর্শন করেছে। সব প্রস্তুতি শেষ করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। তার ভাষায়, “তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা আর অভিশাপ নয়, এ অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদে পরিণত হবে।”
তিস্তা আন্দোলনের প্রসঙ্গ টেনে রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় এসে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তিস্তা ইস্যুতে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল লোক দেখানো এবং জনসম্পৃক্ততাহীন।
এর আগে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মো. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






