কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আসামি অপু গ্রেপ্তার

ছবি: আসামি অপু গ্রেপ্তার (সংগৃহীত)
কুমিল্লায় মাদক কারবারিদের গোলাগুলিতে স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ অপু আত্মগোপনে ছিলেন। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিরীহ এক স্কুলছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর ইথানের বাবা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি আবু হানিফ অপুসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আবু হানিফ অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অন্তত ২৫টি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







