ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সূচি এখনো নির্ধারণ হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গত মঙ্গলবার (৩০ জুন) ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১ জুলাই) তিনি ভিসা অনুমোদনের খবর পান। বর্তমানে বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফর করবে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

উল্লেখ্য, প্রায় চার দশক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন। তার মৃত্যু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে।

ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে জানাজা, রাষ্ট্রীয় শোক এবং দাফন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি অতিথির অংশগ্রহণের পাশাপাশি কয়েক কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমআর