ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। কাটজের বক্তব্যের কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির ‘তাৎক্ষণিক ও কঠোর’ জবাব দেওয়া হবে।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি তেল আবিবে থাকা তাদের ‘পোষা প্রাণীদের (কুকুর)’ মুখ বন্ধ রাখতে না পারে, তাহলে ইরানই তাদের শিক্ষা দেবে।

তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতার শর্ত সবার জন্য স্পষ্ট। ইরানের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দ্রুত ও শক্তভাবে দেওয়া হবে।

এর আগে সোমবার সংবাদমাধ্যম ওয়াইনেট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইরান পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে ছাড় আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ইরান আবার হামলা চালালে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে কাটজ বলেন, যুক্তরাষ্ট্র অংশ নিক বা না নিক, ইসরায়েল নিজস্ব সক্ষমতায় জবাব দেবে। তার দাবি, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুত রয়েছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে।

এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সূত্রের বরাতে সংস্থাটি জানায়, আলোচনায় দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করে আলোচনার ভিত্তি তৈরি করেন।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলমান আলোচনায় ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালি-সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সমঝোতা বাস্তবায়ন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আব্বাস আরাঘচি জানান, অন্তর্বর্তীকালীন সমঝোতা বাস্তবায়নের তদারকি এবং ভবিষ্যৎ পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তুতির জন্য কার্যকরী দল গঠন করা হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।

প্রাইমটিভি/এমএইচ