আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। আর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে আলোচনায় উঠে এসেছে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অবিশ্বাস্য পরিসংখ্যান।

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ নরওয়ের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

নরওয়ের দুটি জয়ের একটি এসেছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে দুঙ্গা, রোনালদো ও বেবেতোদের সমৃদ্ধ ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল ইউরোপের দেশটি।

তবে শুধু ব্রাজিলই নয়, নরওয়ের বিপক্ষে জয়হীন আরেক ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাও। দুই দলের মধ্যে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই জয় পেয়েছে নরওয়ে।

এর একটি ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে, অন্যটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে।

পরিসংখ্যান বলছে, নরওয়ে ছাড়াও আরও পাঁচটি দেশের বিপক্ষে কখনো জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। দলগুলো হলো—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

আগামী রোববার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দুই দলই নিজেদের ম্যাচ জিততে পারলে সম্ভাব্য সেমিফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।

প্রাইমটিভি/এমএইচ