বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তানের ৪টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ছবিঃ সংগৃহীত
আফগানিস্তান সীমান্ত থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ‘ব্যর্থ উসকানি’ হিসেবে উল্লেখ করেছে।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা চারটি সাধারণ ড্রোন বেলুচিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় এসব ড্রোন পাঠানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে এবং উন্নত প্রযুক্তির সহায়তায় নিরাপত্তা বাহিনী সবগুলো ড্রোন ধ্বংস করে। এর মাধ্যমে সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলেও দাবি করেছে আইএসপিআর।
এ ঘটনায় আফগান তালেবান সরকারের সমালোচনা করে পাকিস্তান বলেছে, তালেবান প্রশাসনের উচিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের পৃষ্ঠপোষকতা বন্ধ করা এবং সীমান্তে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী আরও সতর্ক করে বলেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো উসকানির জবাব ‘অপারেশন গাজাব লিল হক’-এর আওতায় দ্রুত, কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।
তবে পাকিস্তানের এসব অভিযোগের বিষয়ে আফগান তালেবান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সব ধরনের বিরোধ কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।
রাশিয়া সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও পাকিস্তানের বিমান হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছে, দুই দেশের উচিত সশস্ত্র সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগান তালেবানের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






