‘দল এখন ক্ষমতায়, বেঁচে থাকতে কথা শোন’—চিরকুটে হুমকি

ছবিঃ সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্কাস আলী গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা সকালে বাড়ির সিঁড়ির নিচে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, “দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।”
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে জমি ও পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছে। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে বিরোধপূর্ণ জমি পরিমাপও করা হয়। তাদের ধারণা, পূর্বের ওই বিরোধের জের ধরেই এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করা হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে গুজব বা আতঙ্কে না ভুগে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





