হজ প্রত্যাশীদের জন্য সুখবর, শুরু হলো আগামী বছরের প্রাক-নিবন্ধন

ছবিঃ সংগৃহীত
পবিত্র হজ-২০২৭ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন না করলে পরবর্তী হজ কার্যক্রমে অংশগ্রহণে জটিলতা তৈরি হতে পারে। তাই আগ্রহী হজযাত্রীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে রোডম্যাপ তুলে দেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





