গৌরবের ১০৫ বছর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবিঃ সংগৃহীত
শতবর্ষের গণ্ডি পেরিয়ে ১০৫ বছরে পদার্পণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় এক শতকেরও বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ব্রিটিশ শাসনামলে বঙ্গভঙ্গ রদের পর পূর্ববঙ্গের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ক্ষতিপূরণমূলক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
বাংলাদেশের ইতিহাসের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামের সূতিকাগার ছিল এই ক্যাম্পাস।
সাম্প্রতিক সময়েও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সূচনা এই ক্যাম্পাস থেকেই হয়, যা পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয় এবং রাজনৈতিক পটপরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে আলোচিত হয়।
প্রতিষ্ঠার ১০৫ বছরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গৌরবময় অতীতের ধারাবাহিকতায় জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে আগামী দিনেও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





