এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল! শোকজ পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত
বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরানো ছবি গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাকে বিএমপির মিডিয়া সেল এবং সাংবাদিকদের জন্য পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ। তিনি জানান, অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবাসহ রাসেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। পুলিশের দাবি, রাসেল ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে ছবি তোলার সময় নিয়ম অনুযায়ী জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তোলা হয় এবং সেটি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ছবি পাওয়ার পর মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে সেটি ডিজিটালভাবে সম্পাদনা করেন। তিনি আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি যুক্ত করে পরিবর্তিত ছবিটি সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে ই-মেইলে পাঠান। একই ছবি বিএমপির সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়।
পরিবর্তিত ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। কয়েকজন সাংবাদিক বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনলে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিকৃত ছবিটি প্রত্যাহার করে প্রকৃত ছবি সংযুক্ত করে নতুন করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, প্রাথমিকভাবে এসআই তানজিল আহমেদ ছবি পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, ফুটবল নিয়ে দুই দলের সমর্থকদের উন্মাদনা ও আগ্রহের বিষয়টি মাথায় রেখে কৌতূহলবশত তিনি এমনটি করেছিলেন। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি গুরুতর পেশাগত অসদাচরণ। এ কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে শোকজ করা হয়েছে। লিখিত ব্যাখ্যা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





