ফেসবুকে পারসা ইভানার ‘ফ্রড অ্যালার্ট’

ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ও পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বকেয়া পারিশ্রমিক বিতর্ক নিয়ে নাটকপাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিচালক ইশানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক না দেওয়ার পাশাপাশি চরম অপেশাদার আচরণের গুরুতর অভিযোগ এনেছেন ইভানা।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির দিকে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামের একটি নাটকে কাজ করেছিলেন এই অভিনেত্রী। অভিযোগ রয়েছে, শুটিং শেষ হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। নিজের ফেসবুক ওয়ালে ‘ফ্রড অ্যালার্ট’ শিরোনামে এক পোস্টে পারসা জানান, শুধু তিনি নন, প্রোডাকশন বয়সহ টিমের অনেকেই এখনো তাদের প্রাপ্য অর্থ পাননি। নিজের চেয়েও দিন এনে দিন খাওয়া কলাকুশলীদের পাওনা নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। অভিনেত্রী জানান, পরিচালক তাকে ২৮ জুনের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেননি।

তবে এমন অভিযোগ পুরোপুরি মানতে নারাজ নির্মাতা ফারহাদ আহমেদ ঈশান। তার পাল্টা দাবি, পারসা ইভানার অসহযোগিতাপূর্ণ আচরণের কারণে কাজ অসম্পূর্ণ ছিল।

পাশাপাশি ইভানা তাকে ইন্ডাস্ট্রিতে কাজ না করতে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন এই নির্মাতা। এই উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা এবং শিল্পাঙ্গনে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন পারসা। ইতিমধ্যে বিষয়টি অভিনয় শিল্পী সংঘকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন দেখার বিষয়, সংগঠন এই সংকট নিরসনে কী পদক্ষেপ নেয়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







