প্রেমের টানে যশোরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

বাংলাদেশি তরুণী ও চীনা যুবক । সংগৃহীত
হাজারো কিলোমিটারের দূরত্ব, ভিন্ন ভাষা আর দুই দেশের আলাদা সংস্কৃতি। তবুও ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক লি বিং। ইসলাম ধর্ম গ্রহণ করে যশোরের তন্দ্রা খাতুনকে বিয়ে করেছেন তিনি।
জানা গেছে, যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের বাসিন্দা তন্দ্রা খাতুন উপজেলা পরিষদের তথ্যকেন্দ্রে কর্মরত। প্রায় আট মাস আগে ‘হ্যালোটক’ অ্যাপের মাধ্যমে চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে ‘উইচ্যাট’ এ নিয়মিত যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরদিন যশোর জজ কোর্টে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
তন্দ্রা খাতুন জানান, বিয়ের পর তারা ভালো আছেন। ভিসার আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি স্বামীর সঙ্গে চীনে চলে যাবেন।
অন্যদিকে, লি বিং জানান, তিনি চীনের একটি স্মার্ট লক উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত। বাংলাদেশের পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং শ্বশুরবাড়ির সবার ভালোবাসায় তিনি মুগ্ধ। বাংলাদেশে এসে কোনো ধরনের অসুবিধার মুখোমুখি হতে হয়নি বলেও জানান তিনি।
তন্দ্রার মা শিউলি বেগম বলেন, পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। মেয়ের সুখই তাদের সবচেয়ে বড় চাওয়া।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই পরিচয় এখন ভালোবাসার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক দূরত্বের সীমা পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক যশোরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






