হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট না: নাহিদ ইসলাম

ছবি: আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)
মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে বুধবার (১ জুলাই) সকালে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নিহতদের কবরস্থানগুলো সংরক্ষণ করতে হবে। এছাড়া আজ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী সারাদেশে ‘জুলাই’কে কেন্দ্র করে এনসিপির বিভিন্ন কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং জুলাই জাতীয় জাদুঘর চালুর দাবি জানান তিনি। তার ভাষ্য, “৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর চালু না হলে জনগণই সেটি খুলে দেবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।”
নামকাওয়াস্তে জুলাই পালন করে দায় এড়ানো যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আহত ও নিহতদের পরিবার এখনো ন্যায়বিচার পায়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-সংশ্লিষ্ট মাত্র দুটি মামলার রায় হয়েছে এবং বিচারকাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় তিনি সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলাগুলোর বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






