আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

ছবিঃ সংগৃহীত
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক বিভি নন্দিনী রেড্ডির নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ঝড় তুলেছে। গত ১৯ জুন মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনেই তেলুগু ইন্ডাস্ট্রির দীর্ঘ ১৭ বছরের একটি রেকর্ড ভেঙে দিয়েছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া আনুশকা শেঠীর ব্লকব্লাস্টার ‘অরুন্ধতী’ সিনেমাটি ৭০ কোটি রুপি আয় করে এতদিন তেলুগু ইন্ডাস্ট্রির নারীপ্রধান সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ধরে রেখেছিল। সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’ মাত্র ১০ দিনেই ৭৮ কোটি রুপিরও বেশি আয় করে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছে।
সাধারণত পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে নায়কপ্রধান সিনেমাগুলোই শত কোটির ক্লাবে পৌঁছায়, যেখানে নারীপ্রধান সিনেমাগুলো বৈষম্যের কারণে কিছুটা পিছিয়ে থাকে। তবে এবার সেই ধারণাকে পাল্টে দিচ্ছে এই সিনেমাটি। বর্তমানে তেলুগু ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডটি রয়েছে ২০১৮ সালের কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’ (৮৩ কোটি রুপি) সিনেমার দখলে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, আগামী সপ্তাহখানেকের মধ্যে ‘মহনতি’র রেকর্ড টপকে শীর্ষস্থানটি দখলে নেবেন সামান্থা।
উল্লেখ্য, এই সফল সিনেমায় সামান্থা ছাড়াও আরও অভিনয় করেছেন গুলশান দেবিয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ এবং শ্রীমুখি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





