পবিত্র ওমরাহ পালন শেষে পরিবারসহ আজ দেশে ফেরার কথা রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। গত ২৬ জুন ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যান। মক্কার আনুষ্ঠানিকতা শেষে মদিনা মুনাওয়ারায় কাটানো প্রতিটি মুহূর্ত ভাবনার হৃদয়ে গভীর রেখাপাত করেছে। মদিনা ছাড়ার আগে সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।

মদিনার শান্ত-স্নিগ্ধ সকালের কথা জানিয়ে ভাবনা লেখেন, “রাসূলুল্লাহ (সা.)-এর পুণ্যভূমিতে ফজরের পর একা একা সকালের নাস্তা করাটা শরীর ও মনকে স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়ে দেয়।” অন্য এক পোস্টে তিনি লেখেন, “শরীরটা হয়তো দেশে ফিরে যাচ্ছে, কিন্তু আত্মাটা রয়ে গেল মসজিদ-আন-নববীর কাতারগুলোর মাঝে।” এর আগে প্রথমবার পবিত্র কাবা শরিফ দেখার পর বাকরুদ্ধ হয়ে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।

ছোট পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনার বড় পর্দায় অভিষেক ঘটে ২০১৭ সালে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর ‘নয়নতারা’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখিকা হিসেবেও ভাবনার সুপরিচিতি রয়েছে।

প্রাইমটিভি/বিএম