দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ও গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। পরে পুলিশ তাদের উদ্ধার করে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা নূর ইসলাম রাতে নিজের বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ দুই যুবককে হাতেনাতে আটক করেন।

এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা দুই যুবককে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ