পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে ক্যালিকো কটন মিল এলাকায় মোটর সাইকেলের হাটে মোটর সাইকেল বিক্রি করতে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মদেব উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাইমটিভি/এমএইচ