দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জায়গা তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণা সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত-নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে পারে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিষয়টি সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। তাঁর মতে, সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে স্পষ্ট হয়—দেশের সার্বভৌমত্বের প্রশ্নে পুরো জাতি এক ও অভিন্ন অবস্থানে রয়েছে।

প্রয়োজনে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও দেশপ্রেম নিয়ে দাঁড়াবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বিজিবির হাতে থাকবে অস্ত্র, আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ