সমালোচনার মুখে খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাল সৌদি

ছবিঃ সংগৃহীত
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে প্রতিনিধি দল পাঠিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করে।
শুরুতে গালফ অঞ্চলের অন্য কয়েকটি দেশের মতো সৌদি আরবও কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, যা ব্যাপক কূটনৈতিক ও আন্তর্জাতিক আলোচনার জন্ম দেয় । এরপর সমালোচনার মুখে রিয়াদ নিজেদের অবস্থান পরিবর্তন করে । শেষ পর্যন্ত উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তেহরানে গিয়ে রাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে অংশ নেয়।
আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিদেশি প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন উন্মুক্ত স্থানে রাখা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন বলে জানানো হয়েছে। ওই হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়।
সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের প্রতিনিধি দলের তেহরান সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ এখনো খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোকবার্তা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক অবস্থানের সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট হতে পারে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








