ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমর্থকদের উচ্ছ্বাস যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে লক্ষ্যে মাঠপর্যায়ে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের নজরদারি জোরদার করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে নিয়মিত পুলিশি তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

শফিকুল ইসলাম বলেন, ‘খেলাধুলা আনন্দের বিষয়। সেই আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। খেলায় জয়-পরাজয় থাকবেই। নিজের দলের জয় উদযাপন করুন, তবে অন্যের মত ও সমর্থনের প্রতিও সহনশীল থাকুন।’

সম্প্রতি রাজধানীর আদাবর এলাকায় ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত হওয়ার ঘটনার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে ডিএমপি।

পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রিপনই আবুল বাশার বাদশাকে ছুরিকাঘাত করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ চলাকালে খেলা কেন্দ্রিক উচ্ছ্বাস যেন কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা প্রাণহানির কারণ না হয়, সে জন্য রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রাইমটিভি/এমএইচ