ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্য এবং ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, একই দিন তেহরানে পৌঁছে প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর মাগফিরাত এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

প্রতিনিধি দলে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের কর্মসূচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, সাত দিনব্যাপী এই শোকানুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নেবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

প্রাইমটিভি/এমএইচ