স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তুলছেন, আর গ্যালারিতে তাকে উজ্জীবিত করছে তিন বছর বয়সী ছোট ভাই কিন। স্পেন–অস্ট্রিয়া ম্যাচে ভাইয়ের উপস্থিতি ও উচ্ছ্বাস আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের জার্সি গায়ে গ্যালারিতে বসে দলকে সমর্থন জানাতে দেখা যায় ছোট্ট কিনকে। স্পেনের প্রতিটি আক্রমণে তার প্রাণবন্ত উচ্ছ্বাস নজর কাড়ে দর্শকদের।

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে ম্যাচ শেষে স্প্যানিশ রেডিও এল লারগুয়েরোকে দেওয়া সাক্ষাৎকারে ছোট ভাইয়ের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন ইয়ামাল।

তিনি বলেন, ‘আমার ভাই আমার নিজের সন্তানের মতো। আমি তাকে ভীষণ ভালোবাসি।’

বিশ্বকাপে খেলতে পারাকে নিজের শৈশবের স্বপ্ন পূরণ বলেও উল্লেখ করেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, ‘বিশ্বকাপই ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ছোটবেলা থেকে প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার। আমি এখন সেই স্বপ্নের মঞ্চে আছি।’

শেষ ষোলো পেরিয়ে স্পেন এখন কোয়ার্টার ফাইনালের অপেক্ষায়। আগামী সোমবার শেষ আটে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

নিজেদের লক্ষ্য সম্পর্কে আত্মবিশ্বাসী ইয়ামাল বলেন, ‘আমাদের লক্ষ্য পরের রাউন্ডে ওঠা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা।’