শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের মিছিল

ছবিঃ সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করেছে সংগঠনটি।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলী মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
কর্মসূচির নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ছাড়াও প্রায় ৫০ থেকে ৫২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও যুগোপযোগী ও শিক্ষা-সহায়ক সিদ্ধান্ত নেবে বলে তারা প্রত্যাশা করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রতীকীভাবে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







