শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে ফরম পূরণের জটিলতায় পরীক্ষা দিতে না পারা নাটোরের আট এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের পথ খুলে গেছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কলেজের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী ফরম পূরণের জন্য নির্ধারিত অর্থ জমা দিলেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা শিক্ষামন্ত্রীর নজরে আসে।
এরপর শিক্ষামন্ত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে দ্রুত ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা যথাযথভাবে বোর্ডে জমা দেননি। ফলে প্রবেশপত্র ইস্যু না হওয়ায় আট শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।
ঘটনা জানার পর শিক্ষামন্ত্রী দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরে রাজশাহী শিক্ষা বোর্ড জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করে। ফলে তারা শনিবার (৪ জুলাই) থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রথম দিনের মিস হওয়া পরীক্ষার বিষয়ে বোর্ডের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আবদুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থীর অভিযোগও শিক্ষামন্ত্রীর নজরে আসে। তাঁর নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ফরম সংক্রান্ত জটিলতা সমাধান করেছে। ফলে ওই শিক্ষার্থীও শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






