দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মাথার খুলি ও খণ্ডিত কঙ্কাল

ছবিঃ সংগৃহীত
রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে মানুষের একটি মাথার খুলি ও পচে যাওয়া খণ্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জমিতে কাজ করতে গিয়ে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় কৃষকেরা এগুলো দেখতে পান।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন কৃষক সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় তীব্র দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে যান। সেখানে প্রথমে একটি মানুষের মাথার খুলি দেখতে পান। পরে পাশের ঝোপে খণ্ডিত অবস্থায় একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি তারাগঞ্জ থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয়দের ভিড় জমে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পাশ থেকে কিছু কাপড়ও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তদন্তের পরই ঘটনার বিস্তারিত জানা যাবে।
প্রাইমটিভি/ এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





