বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। গণমাধ্যমের দায়িত্ব হলো ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথে পরিচালিত করা। তিনি বলেন, গণমাধ্যম যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্রও তত শক্তিশালী হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা দেশের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন। তবে সিদ্ধান্ত গ্রহণে ভুল হতে পারে। সেই ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দেওয়াই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হন। যদিও ঠাকুরগাঁওয়ে এমন ঘটনার নজির নেই। ভবিষ্যতেও যেন এমন পরিস্থিতি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এলজিআরডি মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে দুটি নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রশাসনিক দায়িত্ব বণ্টনের কাজও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সেখানে অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো গড়ে তুললেই হবে না, দক্ষ ও যোগ্য জনবলও গড়ে তুলতে হবে, যাতে নতুন উপজেলাগুলো কার্যকরভাবে পরিচালিত হয়।

সকালে ঠাকুরগাঁওয়ের মোলানী এলাকার একটি প্রতিবন্ধী এতিমখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সেখানে প্রায় সাড়ে পাঁচশ প্রতিবন্ধীর আশ্রয় ও লালন-পালনের ব্যবস্থা রয়েছে। তবে গত ১৫ বছর ধরে সরকারি সহায়তা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি নানা সংকটে রয়েছে। ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। তিনি দ্রুত এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংস করছে। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরতে হবে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে নির্ভয়ে লিখতে হবে, আবার যারা ভালো কাজ করবে তাদেরও যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলা প্রশাসন, বিএনপি এবং প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ