চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে ছুরির মুখে ধর্ষণের চেষ্টা এবং গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীর প্রতিরোধের মুখে অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন পাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, তাঁর স্বামী বিপ্লব দাস পেশায় একজন জেলে। ঘটনার রাতে তিনি মাছ ধরতে বঙ্গোপসাগরে থাকায় ঘরে একাই ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন ঘরে প্রবেশ করে আলো জ্বালিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা চালান এবং তাঁর পরনের কাপড় টানাটানি করেন।

তিনি আরও অভিযোগ করেন, চিৎকার করে প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্ত তাঁকে হুমকি দেন—ঘটনার কথা কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাস বলেন, তিনি মাছ ধরতে সাগরে ছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। তাঁর দাবি, অভিযুক্ত আগে থেকেই জানতেন তিনি বাড়িতে নেই এবং সেই সুযোগেই এই ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, রবিউল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত শ্লীলতাহানির চেষ্টা করেছে। এ সময় ঘর থেকে কিছু টাকা ও একটি মোবাইল ফোনও নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি সংঘবদ্ধ চোর চক্র ও মাদকাসক্ত তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। প্রায় প্রতিদিন গভীর রাতে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, এসব চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রাইমটিভি/এমএইচ