নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও রানা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে সুমা আক্তারের বাড়িতে যান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। অভিযানের সময় তারা স্বর্ণালংকার চুরি করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়। তদন্তের পর এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম এবং দুই সোর্সকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলা এলাকায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় জনতার হাতে দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই সোর্স গণপিটুনির শিকার হন। পরে জরুরি নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী তদন্তে স্বর্ণালংকার চুরির অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

প্রাইমটিভি/এনজি