সালমানের বাড়িতে গুলি, বাবা সিদ্দিকি হত্যা—দুই মামলায় নতুন মোড়

ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের মামলায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন গ্যাংস্টার আনমোল বিষ্ণোই। একই সময়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলায় তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিদ্দিকি পরিবার। এতে আলোচিত দুই মামলায় নতুন মোড় তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আনমোল বিষ্ণোই মুম্বাইয়ের বিশেষ মকোকা (এমসিওসিএ) আদালতে আবেদন করে সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের মামলায় আত্মসমর্পণের অনুমতি চেয়েছেন। আবেদনে তিনি নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাবা সিদ্দিকির পরিবার পৃথক আবেদনে তদন্তকারী সংস্থাকে আনমোল বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার আবেদন করেছে।
গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা ইস্ট এলাকায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের সামনে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকি।
কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে রয়েছেন।
সিদ্দিকির মেয়ে শাহজিন জিয়াউদ্দিন সিদ্দিকি আদালতে অভিযোগ করেছেন, বাহ্যিক চাপের কারণে তদন্তকারী সংস্থা আনমোল বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নিতে বিলম্ব করছে। তার দাবি, আনমোলকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের পরিচয় বেরিয়ে আসতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, তদন্তে দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ইতোমধ্যে ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও আনমোল বিষ্ণোইকে এখনো আদালতে হাজির করা হয়নি।
এ ঘটনায় তদন্তকারী সংস্থা ডিসিবি-সিআইডিকে দ্রুত আনমোল বিষ্ণোইকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সিদ্দিকি পরিবার। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাবা সিদ্দিকি হত্যা মামলা এবং সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ—উভয় মামলাতেই আনমোল বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বর্তমানে তিনি এনআইএর হেফাজতে দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








