দেশের নয়টি জেলার কিছু এলাকায় শনিবার (৪ জুলাই) রাত ১২টা পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জাতিক সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রাইমসের সতর্কবার্তায় বলা হয়েছে, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু স্থানে মধ্যরাত পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি পরামর্শ দিয়েছে, বজ্রপাতের শব্দ শোনা মাত্রই ঘরের বাইরে না যেতে এবং প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করতে। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় খোলা স্থানে কোনো জায়গাই পুরোপুরি নিরাপদ নয়। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্র ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে।

নিরাপত্তা নির্দেশনায় আরও বলা হয়েছে, বজ্রপাতের সময় দলবদ্ধ হয়ে খোলা স্থানে না দাঁড়িয়ে ছড়িয়ে অবস্থান করতে হবে। গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বাড়ির উঠানে থাকা কিংবা আম বা শিলা কুড়াতে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে সংস্থাটি।