ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে তাঁর কফিনের পাশে রাখা একটি ছোট কফিন ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ছোট কফিনে রাখা হয়েছে খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে খামেনির মরদেহের পাশাপাশি আরও চারটি কফিন রাখা হয়। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং বিদেশি প্রতিনিধি ও অতিথিরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।

খামেনির পাশের চারটি কফিনে ছিলেন তাঁর মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে ছোট কফিনটিতে রাখা হয়েছিল শিশু জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ, যা শেষবিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

সূত্র: সিএনএন

প্রাইমটিভি/এমএইচ