ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা স্পিকারের

ছবিঃ সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে শোকের এই সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশের স্পিকার।
বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে তেহরানে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ ইরানের পাশে রয়েছে। তিনি খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নিহত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা বাস্তবায়নে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অমীমাংসিত সব আন্তর্জাতিক ইস্যুর সমাধানে বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে এবং শান্তিপূর্ণ সমাধানেই বিশ্বাসী।
বৈঠকের একপর্যায়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ।
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার। রাজধানীর বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই তাকে ও বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







