খামেনির কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন বিপ্লবী গার্ডের প্রধান

ছবিঃ সংগৃহীত
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে আবেগঘন এক দৃশ্যের অবতারণা হয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমেদ ভাহিদিকে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
শুক্রবার (৩ জুলাই) শেষ রাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত শেষশ্রদ্ধা অনুষ্ঠানে তিনি খামেনির কফিনের কাছে যান। সেখানে মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সময় তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার খামেনির দাফন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন জেনারেল ভাহিদি।
সাম্প্রতিক যুদ্ধে আইআরজিসির সাবেক প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর বাহিনীর নেতৃত্ব পান আহমেদ ভাহিদি। দায়িত্ব নেওয়ার পর তিনি নিরাপত্তাজনিত কারণে গোপন স্থান থেকে সামরিক কার্যক্রম পরিচালনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরবর্তী সময়ে সামরিক পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কূটনৈতিক কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভাহিদি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার কাঠামো ও ভিত্তি নির্ধারণে তিনি নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
খামেনির মৃত্যুর পর নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন তাঁর ছেলে মোজতবা খামেনি। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের ঘনিষ্ঠ নীতিনির্ধারণী যে ছোট পরিসরের দল রয়েছে, সেখানে জেনারেল আহমেদ ভাহিদি অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







